আন্তর্জাতিক শ্রমিক দিবস যা বিশ্বজুড়ে মে দিবস নামে পরিচিত, শ্রমিক দিবস শুধু একটি দিন নয়—এটি অসংখ্য শ্রমজীবী মানুষের ঘাম, ত্যাগ আর রক্তে লেখা এক ইতিহাস।
শিল্পবিপ্লবের পর উনিশ শতকের পৃথিবীতে কারখানার চাকা ঘুরছিল ঠিকই, কিন্তু সেই চাকার নিচে পিষ্ট হচ্ছিল মানুষের মানবিকতা। দিনের পর দিন ১২-১৪ ঘণ্টা কাজ, ন্যায্য মজুরির অভাব, নিরাপত্তাহীন পরিবেশ—সব মিলিয়ে শ্রমিকদের জীবন হয়ে উঠেছিল এক অন্তহীন বিষাদের নাম। পরিবারকে সময় দেওয়ার সুযোগ ছিল না, সন্তানের কাছে যাওয়ার,স্ত্রীকে,মা বাবাকে একটু দেখারও যেন ফুরসত মিলতো নাহ। নিজের শরীর-মনও যেন হয়ে গিয়েছিল মেশিনের অংশ। এই অবর্ণনীয় কষ্ট থেকেই জন্ম নেয় প্রতিবাদের আগুন, যা ধীরে ধীরে ছড়িয়ে পড়ে এক সংগঠিত আন্দোলনে।
১৮৮৬ সালের ১ মে, যুক্তরাষ্ট্রের শিকাগো শহর হয়ে ওঠে সেই আন্দোলনের কেন্দ্রবিন্দু। হাজার হাজার শ্রমিক রাস্তায় নেমে আসে একটি সহজ কিন্তু মৌলিক দাবিতে—“আট ঘণ্টা কাজ, আট ঘণ্টা বিশ্রাম, আট ঘণ্টা নিজের জন্য।” এই দাবির পেছনে ছিল শুধু কাজের সময় কমানো নয়, বরং মানুষ হিসেবে বেঁচে থাকার অধিকার ফিরে পাওয়ার আকাঙ্ক্ষা। কিন্তু ক্ষমতার কঠোরতা এই শান্তিপূর্ণ আন্দোলনকে রক্তাক্ত করে তোলে। ৪ মে ঘটে যায় ইতিহাসের এক মর্মান্তিক অধ্যায়—হে-মার্কেট ঘটনা।
বিস্ফোরণ, গুলিবর্ষণ, আর সরকারি নিপিড়ন এর মধ্যে প্রাণ হারান বহু মানুষ, কয়েকজন শ্রমিক নেতাকে বিচারের নামে দেওয়া হয় মৃত্যুদণ্ড। তাদের অপরাধ ছিল—শ্রমিকদের ন্যায্য অধিকারের পক্ষে দাঁড়ানো।
এই রক্তাক্ত ঘটনার পরও আন্দোলন থেমে থাকেনি; বরং তা আরও শক্তিশালী হয়ে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে।অবশেষে ১৮৮৯ সালে ১ মে-কে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে ঘোষণা করা হয়, যাতে সেই শহীদদের আত্মত্যাগ কখনও বিস্মৃত না হয়। এরপর থেকে প্রতি বছর এই দিনটি আমাদের মনে করিয়ে দেয়—আমাদের সমাজের প্রতিটি উন্নয়ন, প্রতিটি অগ্রগতি শ্রমিকদের অদৃশ্য পরিশ্রমের ওপর দাঁড়িয়ে আছে।
আজ যখন আমরা শ্রমিক দিবস উদযাপন করি, তখন এটি কেবল একটি আনুষ্ঠানিকতা নয়; এটি এক গভীর কষ্টের অনুভূতির দিন। এটি সেই মানুষগুলোর কথা মনে করিয়ে দেয়, যারা নিজেদের জীবন বাজি রেখে আমাদের জন্য একটি ন্যায্য পৃথিবীর স্বপ্ন দেখেছিলেন। তাদের সেই ত্যাগ আমাদের শেখায়—অধিকার কখনও সহজে পাওয়া যায় না, তা অর্জন করতে হয় সংগ্রাম আর ঐক্যের মাধ্যমে। তাই শ্রমিক দিবস মানে শুধু অতীতের স্মৃতি নয়, বরং বর্তমান ও ভবিষ্যতের জন্য ন্যায্যতা, মর্যাদা এবং মানবিকতার প্রতিশ্রুতি। কিন্তু আফসোসের ব্যাপার হচ্ছে আমরা আজও কি শ্রমিকদের অধিকার ফিরিয়ে দিতে পেরেছি??
©২০২৬ . [ঢাকা ফ্লাক্স] কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত