জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ও নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম প্রশ্ন তুলেছেন—১৯৭৮ সালে প্রতিষ্ঠিত বিএনপি কীভাবে নিজেকে মুক্তিযুদ্ধের দল হিসেবে দাবি করে।
বুধবার জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
বক্তব্যে আজহার বলেন, মুক্তিযুদ্ধ হয়েছিল ১৯৭১ সালে, অথচ বিএনপি প্রতিষ্ঠিত হয় ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর। তাই দলটি নিজেদের মুক্তিযুদ্ধের দল দাবি করলে সেটিকে কীভাবে মূল্যায়ন করা হবে—সে প্রশ্ন তোলেন তিনি। তিনি বলেন , বিএনপিতে যেমন মুক্তিযোদ্ধা রয়েছেন, তেমনি জামায়াতে ইসলামীতেও মুক্তিযোদ্ধা আছেন।
জুলাই গণ–অভ্যুত্থান প্রসঙ্গে আজহার বলেন, এই আন্দোলন হঠাৎ করে হয়নি এবং কেবল সরকার পরিবর্তনের জন্যও ছিল না; বরং এটি ছিল একটি বৃহত্তর পরিবর্তনের আন্দোলন। তিনি বলেন, জুলাই গণ–অভ্যুত্থানের ফলে তাঁর মুক্তির পথ সুগম হয়েছে। এ সময় তিনি আন্দোলনের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন। তিনি দাবি করেন, ঐকমত্য কমিশনের সুপারিশের ভিত্তিতে অনুষ্ঠিত গণভোটে ৭০ শতাংশ মানুষ সমর্থন জানিয়েছে।
এ সময় তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অবদানের কথাও তুলে ধরেন। তার ভাষ্য অনুযায়ী, জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, ঐক্যের রাজনীতি এবং আধিপত্যবাদবিরোধী আন্দোলনের জন্য স্মরণীয় হয়ে থাকবেন। আর খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা ও আপসহীন নেতৃত্বের জন্য ইতিহাসে স্থান করে নিয়েছেন।
বক্তব্যের শেষাংশে আজহার দাবি করেন, গত ১৬ বছরে রাজনৈতিক দল হিসেবে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে জামায়াতে ইসলামী। তিনি বলেন, দলের শীর্ষ নেতাসহ বহু নেতা কারাবন্দি হয়েছেন এবং কেউ কেউ মৃত্যুদণ্ড বা চিকিৎসার অভাবে প্রাণ হারিয়েছেন। তবুও দলটি দেশ ছেড়ে যায়নি এবং জনগণের প্রতি তাদের অঙ্গীকার অটুট রেখেছে বলে তিনি মন্তব্য করেন
©২০২৬ . [ঢাকা ফ্লাক্স] কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত